পোগো
পোগোর মনে খুব ইচ্ছে হয়েছে ও কথা বলতে শিখবে | ওদের সামনের বাড়ির ছোট বাচ্ছাটাও তো কথা বলতে শিখে গেলো | এই তো কিছুদিন আগে হাঁটতেও পারতো না |
ও যদি পারে তবে পোগো কেন পারবে না?
আর এমনিতেও সেদিন দিদি যখন ক্যালকুলাস করতে বসে কুঁড়েমি করে বলছিলো যে খুব নাকি শক্ত অনেক ও একদমই নাকি পারবে না তখন তো পোগো ওই খানেই বসে ছিল | ও শুনেছে বাবা দিদিকে বলছিলো,"চেষ্টা করলেই পারবে | আর চেষ্টা না করলে কোনোদিনই পারবে না | সে কাজ সোজা হোক আর কঠিন হোক |"
তাই পোগো ঠিক করেছে আজ থেকে ও কথা বলা প্র্যাক্টিসে মন দেবে|
হুম, কিন্তু শুরু কি ভাবে করবে সেটাই পোগো বুঝতে পারছে না |
মা সেদিন বলছিলো যে ইউটুবে নাকি সব ভিডিও দেখে ভাষা, গান, নাচ সবই শেখ যায় |
দুপুর বেলা সময় পেলে মা আজকাল ইউটুবে ফ্রেঞ শেখে | এটা অবশ্য মা আর পোগো ছাড়া কেউ জেনে না | দুপুরে খাবার পর মা আর পোগো বারান্দায় এসে বসে |
দিদি তখন স্কুলেই থাকে আর বাবা থাকে অফিসে |
মা পোগোর লোমে হাত বুলিয়ে দিতে দিতে ভিডিও দেখে আর মাঝে মাঝে কি সব বলে ওঠে | পোগো সেসবের মানে বোঝে না কিন্তু খারাপ লাগে না শুনতে | মা বলে যে ফরাসি ভাষা নাকি পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা | আর মা এটাও বলেছে যে পোগো নাকি আসলে ওই দেশের আশে পাশের জায়গারই মানুষ ইয়ে মানে কুকুর |
পোগো তো আসলে আলসাসিয়ান বা যাকে বলে জার্মান শেফার্ড | তা ওই ফ্রান্স, জার্মানি আর অস্ট্রিয়া (যেখানে আসলে পোগোর পূর্বপুরুষরা থাকতো) ওই ইউরোপের মধ্যেই |
পোগোর এইসব জানতে খুব ভালো লাগে| ও যদি নিজে কথা বলতে পারতো তাহলে আরও প্রশ্ন করে করে মার কাছে নতুন নতুন জিনিস জেনে নিতো | এই যেমন ও জানতে চায় যে কুকুরকে ফ্রেঞ্চএ কি বলে ? কিন্তু সেটা মাকে বোঝাতে পারছে না |
তা অনেক সাত পাঁচ ভেবে পোগো ঠিক করলো ও ওই ইউটুব দেখেই মানুষের মতো কথা বলাটা রপ্ত করে নেবে|
কিন্তু এবার মুশকিল হলো ইউটুব পোগো দেখবে কি করে ? ওর তো আর স্মার্ট ফোন নেই !
তাহলে শেখার জন্যে প্রথমে একটা ফোন চাই | পোগো ঠিক করে রাখলো যে বাবা আজ অফিস থেকে ফিরলেই ও বাবার কাছে একটা স্মার্ট ফোন আর একটা জিও সিম দাবি করবে | দামি ফোন না হলেও হবে | পোগো শুধু শিখতে চায় | ও গেম খেলবে না বা গান শুনবে না |
সন্ধেবেলা হতেই পোগো দরজার দিক মুখ করে বসে থাকলো |মা ওকে দেখে দু চার বার বললো, "বাবা এই একটু বাদেই আসবে রে পোগো তুই বিস্কুট খাবি আয় |"
বিস্কুট খেয়ে কে কবে নাম-যশ লাভ করেছে বোলো দেখি ?
না আজ পোগো অর্জুনের মতো লক্ষ্যে স্থীর থাকবে |
বেল বাজলো !
পোগো নিশ্চল |
মা দরজা খুলে দিলো|
অন্য দিনের মতো পোগো ল্যাজ নেড়ে দৌড়ে গেলো না |
বাবা জুতো রেখে ভেতরে এসে সোফায় বসলো |
পোগো স্থীর |
বাবা নিজের ফোনটা পকেট থেকে বার করে পাশে রেখে বললে, " কি পোগোকান্ত আজ এমন শান্ত কেন ?"
মা অমনি বাবাকে জানিয়ে দিলো, " আজ সন্ধেবেলায় বিস্কুটও খায়নি, এমন পাজি হয়েছে |"
নাহ! আর না পোগো আস্তে আস্তে উঠে বাবার পাশে গিয়ে ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে একটু খেলা দেখালো | তারপর দিদি যেমন করে আবদার করে সেরম করে বাবার পায়ের কাছে বসে, বাবার হাঁটুর উপর মাথাটা রেখে হাসি হাসি মুখ করলো একটা |
বাবা তাতে বিস্তর মজা পেয়ে হেসে বললো, " কি চাই পোগোচরণ ?"
বাস ! পোগো অমনি পাশে রাখা ফোনটাতে হাত রাখলো আর হাসি মুখে তাকিয়ে থাকলো |একটু ভেউ ভেউ ও করে ফেললো উত্তেজনায় | বাবা যে ভেউ ভেউ ভাষাটা বোঝে না সেটা বেমালুম ভুলেই গেলো |
কিন্তু কি আশ্চর্য !!
বাবা বোঝার আগেই, মা বলে উঠলো, " ও পোগোর বুঝি একটা ফোন চাই | তাই না পোগো |"
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ | পোগোর মনে সেকি আনন্দ ! লেজ নাড়তে নাড়তে আজ খুলেই না যায় ওর ল্যাজখানা !
Comments
Post a Comment